মকটেস্ট বেছে নাও

অফলাইন মকটেস্ট

খুব শীঘ্রই আপলোড হবে!

অষ্টম শ্রেণী: পরিবেশ ও বিজ্ঞান, অধ্যায় – 1.3 : তাপ, MCQ ও অনান্য 1 নম্বরের প্রশ্নত্তোর

অধ্যায় 1.3: তাপ
(গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর)

নির্দেশিকা: নিচের প্রশ্নগুলির 2-3 টি বাক্যে উত্তর দাও। উত্তর দেখতে ‘উত্তর দেখো’ অংশে ক্লিক করো।

1. তাপ ও তাপমাত্রার মধ্যে দুটি মূল পার্থক্য লেখো।

উত্তর দেখো

উত্তর:

  • তাপ হলো একপ্রকার শক্তি, কিন্তু তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা যা তাপ প্রবাহের অভিমুখ স্থির করে।
  • তাপ হলো কারণ, আর তাপমাত্রা হলো তার ফল।

2. আপেক্ষিক তাপ কাকে বলে?

উত্তর দেখো

উত্তর: কোনো পদার্থের একক ভরের উষ্ণতা একক পরিমাণ (1°C বা 1K) বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে।

3. লীন তাপ বলতে কী বোঝায়?

উত্তর দেখো

উত্তর: যে তাপ বস্তুর উষ্ণতার কোনো পরিবর্তন না ঘটিয়ে কেবলমাত্র এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হতে সাহায্য করে, তাকে লীন তাপ বলে। এই তাপ থার্মোমিটারের সাহায্যে পরিমাপ করা যায় না।

4. 0°C উষ্ণতার জল এবং 0°C উষ্ণতার বরফের মধ্যে কোনটি বেশি ঠান্ডা মনে হয় এবং কেন?

উত্তর দেখো

উত্তর: 0°C উষ্ণতার বরফ বেশি ঠান্ডা মনে হয়। কারণ, 0°C উষ্ণতার 1 গ্রাম জল থেকে 80 ক্যালোরি লীন তাপ বের করে নিলে তা 0°C উষ্ণতার 1 গ্রাম বরফে পরিণত হয়। অর্থাৎ সমান উষ্ণতা হলেও বরফে তাপের পরিমাণ জলের চেয়ে কম থাকে।

5. বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে দুটি পার্থক্য লেখো।

উত্তর দেখো

উত্তর:

  • বাষ্পায়ন যেকোনো উষ্ণতায় ঘটে, কিন্তু স্ফুটন একটি নির্দিষ্ট উষ্ণতায় ঘটে।
  • বাষ্পায়ন তরলের শুধুমাত্র উপরিতল থেকে ঘটে, কিন্তু স্ফুটন তরলের সমগ্র অংশ থেকে ঘটে।

6. গ্রীষ্মকালে কুকুর জিভ বের করে হাঁপায় কেন?

উত্তর দেখো

উত্তর: কুকুর যখন জিভ বের করে হাঁপায়, তখন তার জিভের লালা বাষ্পীভূত হয়। এই বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লীন তাপ কুকুর তার নিজের শরীর থেকে সরবরাহ করে। এর ফলে কুকুরের শরীর তাপ হারিয়ে ঠান্ডা হয় এবং সে আরাম বোধ করে।

7. হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা লাগে কেন?

উত্তর দেখো

উত্তর: স্পিরিট বা ইথার হলো উদ্বায়ী পদার্থ, যা খুব দ্রুত বাষ্পীভূত হয়। এই বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লীন তাপ স্পিরিট আমাদের হাত থেকে গ্রহণ করে। ফলে হাতের ওই অংশ তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায়।

8. তাপ সঞ্চালনের পরিবহন পদ্ধতি বলতে কী বোঝো?

উত্তর দেখো

উত্তর: যে পদ্ধতিতে কোনো পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত হয়, কিন্তু পদার্থের অণুগুলির কোনো স্থানচ্যুতি ঘটে না, তাকে পরিবহন পদ্ধতি বলে। এটি মূলত কঠিন পদার্থের মধ্য দিয়ে ঘটে।

9. তাপ সঞ্চালনের পরিচলন পদ্ধতি কাকে বলে?

উত্তর দেখো

উত্তর: যে পদ্ধতিতে তরল বা গ্যাসীয় পদার্থের অণুগুলি নিজেরাই উত্তপ্ত হয়ে স্থান পরিবর্তনের মাধ্যমে উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ বয়ে নিয়ে যায়, তাকে পরিচলন পদ্ধতি বলে।

10. বিকিরণ পদ্ধতি কাকে বলে?

উত্তর দেখো

উত্তর: যে পদ্ধতিতে কোনো জড় মাধ্যম ছাড়াই অথবা মাধ্যম থাকলেও তাকে উত্তপ্ত না করে তাপ উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে সরাসরি ছড়িয়ে পড়ে, তাকে বিকিরণ পদ্ধতি বলে। সূর্য থেকে পৃথিবীতে এই পদ্ধতিতে তাপ আসে।

11. শীতকালে সুতির পোশাকের চেয়ে উলের পোশাক পরলে বেশি গরম লাগে কেন?

উত্তর দেখো

উত্তর: উলের তন্তুগুলি তাপের কুপরিবাহী এবং উলের পোশাকের ফাঁকে ফাঁকে প্রচুর বাতাস আটকে থাকে। বাতাসও তাপের মারাত্মক কুপরিবাহী। তাই উলের পোশাক পরলে আমাদের শরীরের তাপ পরিবহন পদ্ধতিতে বাইরে বেরোতে পারে না, ফলে শরীর গরম থাকে।

12. বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি/গ্রাম বলতে কী বোঝায়?

উত্তর দেখো

উত্তর: এর অর্থ হলো— প্রমাণ চাপে 0°C উষ্ণতার 1 গ্রাম বরফকে সম্পূর্ণ গলিয়ে 0°C উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত করতে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে।

13. জলের বাষ্পীভবনের লীন তাপ 537 ক্যালোরি/গ্রাম বলতে কী বোঝায়?

উত্তর দেখো

উত্তর: এর অর্থ হলো— প্রমাণ চাপে 100°C উষ্ণতার 1 গ্রাম জলকে সম্পূর্ণ ফুটিয়ে 100°C উষ্ণতার 1 গ্রাম বাষ্পে পরিণত করতে বাইরে থেকে 537 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে।

14. থার্মোফ্লাস্কের ভেতরের কাঁচের দেয়ালে রুপোর প্রলেপ দেওয়া হয় কেন?

উত্তর দেখো

উত্তর: বিকিরণ পদ্ধতিতে তাপের আদান-প্রদান রোধ করার জন্য ফ্লাস্কের ভেতরের দেয়ালে রুপোর প্রলেপ দেওয়া হয়। ভেতরের চকচকে পৃষ্ঠ তাপকে প্রতিফলিত করে ভেতরেই আটকে রাখে এবং বাইরের তাপকেও ভেতরে ঢুকতে দেয় না।

15. প্রেশার কুকারে রান্নার সময় তাড়াতাড়ি হয় কেন?

উত্তর দেখো

উত্তর: প্রেশার কুকারের মুখ শক্ত করে আটকানো থাকে বলে জলীয় বাষ্প সহজে বাইরে বেরোতে পারে না। ফলে ভেতরে বাষ্পের চাপ বেড়ে যায় এবং জলের স্ফুটনাঙ্ক 100°C থেকে বেড়ে প্রায় 120°C হয়ে যায়। বেশি উষ্ণতায় জল ফোটে বলে রান্না দ্রুত হয়।

16. ক্যালোরিমিতির মূলনীতিটি কী এবং এটি কখন প্রযোজ্য হয়?

উত্তর দেখো

উত্তর: মূলনীতিটি হলো— ভিন্ন উষ্ণতার দুটি বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখলে উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ এবং শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ সমান হয়। এটি তখনই প্রযোজ্য, যখন বস্তু দুটির মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে না এবং বাইরের কোনো তাপ আদান-প্রদান হয় না।

17. সমুদ্রবায়ু কখন এবং কীভাবে সৃষ্টি হয়?

উত্তর দেখো

উত্তর: দিনের বেলা সূর্যের তাপে জলভাগের তুলনায় স্থলভাগ দ্রুত উত্তপ্ত হয়। ফলে স্থলভাগের ওপরের বাতাস হালকা হয়ে ওপরে উঠে যায় এবং সেই শূন্যস্থান পূরণ করতে সমুদ্রের ওপর থেকে অপেক্ষাকৃত শীতল বাতাস স্থলভাগের দিকে ছুটে আসে। পরিচলন পদ্ধতিতে সৃষ্ট এই বায়ুকেই সমুদ্রবায়ু বলে।

18. স্থলবায়ু কখন এবং কীভাবে সৃষ্টি হয়?

উত্তর দেখো

উত্তর: রাতের বেলা স্থলভাগ দ্রুত তাপ বিকিরণ করে জলভাগের তুলনায় বেশি ঠান্ডা হয়ে যায়। তখন সমুদ্রের ওপরের বাতাস অপেক্ষাকৃত উষ্ণ ও হালকা হয়ে ওপরে ওঠে এবং সেই জায়গা নিতে স্থলভাগ থেকে শীতল বাতাস সমুদ্রের দিকে ছুটে যায়। একেই স্থলবায়ু বলে।

19. ঘরের ভেন্টিলেটর বা ঘুলঘুলি সবসময় দেয়ালের ওপরের দিকে রাখা হয় কেন?

উত্তর দেখো

উত্তর: ঘরের ভেতরের দূষিত ও উষ্ণ বাতাস হালকা হওয়ায় তা ওপরের দিকে উঠে ভেন্টিলেটর দিয়ে বাইরে বেরিয়ে যায়। তখন জানলা ও দরজা দিয়ে বাইরের বিশুদ্ধ ও শীতল ভারী বাতাস ঘরে প্রবেশ করে। এই পরিচলন স্রোত বজায় রেখে ঘরকে পরিষ্কার রাখার জন্যই ভেন্টিলেটর ওপরে রাখা হয়।

20. বরফের সাথে নুন মেশালে কী হয় এবং এর একটি ব্যবহারিক প্রয়োগ লেখো।

উত্তর দেখো

উত্তর: বরফের সাথে নুন মেশালে মিশ্রণের উষ্ণতা 0°C থেকে একধাক্কায় কমে প্রায় -23°C হয়ে যায়। এই মিশ্রণকে হিমমিশ্র বলে। এর ব্যবহারিক প্রয়োগ হলো— মাছ, মাংস সংরক্ষণে এবং আইসক্রিম বা কুলফি তৈরিতে হিমমিশ্র ব্যবহার করা হয়।

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

শেয়ার